স্ত্রীর মামলায় কনস্টেবল কারাগারে
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল হালিম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্ত্রীর করা নির্যাতন মামলায় চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল হালিম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার শহীদুল ইসলাম তুহিন (৩৬) নগরীর চকবাজার থানার টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নগরীর খুলশী থানার নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনীতে তাদের বাসা।
কনস্টেবল শহীদুলের বিরুদ্ধে গত ২১ অগাস্ট তার স্ত্রী নারী নির্যাতন আইনে একটি মামলা করেছিলেন। ওই মামলায় খুলশী থানা পুলিশ সোমবার তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠায়।
বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।
কনস্টেবল শহীদুলের স্ত্রী দিলরুবা হোসেন তিথির করা মামলায় আরও এক নারীকে আসামি করা হয়েছে। যার সাথে কনস্টেবল শহীদুলের ‘পরকীয়ার’ অভিযোগ করা হয়েছে।
মামলায় দিলরুবা উল্লেখ করেন, ২০০৮ সালে কনস্টেবল শহীদুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও মেয়ে আছে। এক নারীর সঙ্গে পরকীয়া আসক্ত হয়ে শহীদুল বিভিন্ন সময়ে তাকে মারধর করেন।
গত ২০ অগাস্ট রাতে মেয়ের স্কুলের বেতন দিতে বলায় শহীদুল তাকে মারধর করে এবং দুই লাখ টাকা ‘যৌতুক’ দাবি করেন। এ সময় তাদের সপ্তম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী মেয়ে মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে শহীদুল।
এদিকে শহীদুলের মারধরের কারণে দিলরুবা ২১ অগাস্ট নগর পুলিশ সদর দপ্তরে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। সিএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করায় মামলা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
