Published : 16 Sep 2026, 02:47 PM
সাতকানিয়ায় সরকারি গাছ কেটে ফেলার ভিডিও প্রকাশ নিয়ে ‘বিরোধ থেকে’ খুন হয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্ছি জাহিদ।
হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় ১০ আসামিসহ ১২ জনকে গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- জসিম উদ্দিন (৫০), জয়নাল আবেদীন মানিক (২৬), মো. রিদুয়ান (২৬), মো. টিপু (৩৫), আবু মাজহারুল ইসলাম ইফাজ (২০), আব্দুল্লাহ আল তুষার (৩০), খোরশেদ আলম ওরফে ফারুক (৫২), মো. রবিউল হোসেন (২১), আবুল কাশেম (৩৮), হাবিবুর ইসলাম ওরফে হাবিব (২৮), মো. হেলাল ও মো. আজাদ।
নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বুধবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার নগরীর পাহাড়তলী এলাকা থেকে আজাদ ও হেলালকে গ্রেপ্তার করা হয়।
“তাদের মধ্যে আজাদ মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। যেখানে হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় তিনি জানিয়েছেন।”
এছাড়াও মঙ্গলবার পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
গত ৩০ অগাস্ট রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাজালিয়া-শীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া এলাকায় জাহেদুল আলম ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
গ্রেপ্তার হওয়াদের দেওয়া তথ্যে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গ্রেপ্তার মানিক পুরানগড় ইউনিয়ন পরিষদের কিছু সরকারি গাছ কাটার ভিডিও প্রকাশ করে পিচ্ছি জাহিদকে অভিযুক্ত করে ফেইসবুকে পোস্ট দিয়েছিল।
“এ ঘটনাকে কেন্দ্র করে পিচ্ছি জাহিদ ক্ষুব্ধ হয়ে ৩০ অগাস্ট রাত ৮টার দিকে নতুনহাট এলাকার একটি দোকানে গিয়ে মানিক ও তার বন্ধু-বান্ধবদের হুমকি দেয়। মূলত এর জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।”
পুলিশ সুপার বলেন, হত্যাকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং ভ্যান গাড়ি দিয়ে পিচ্ছি জাহিদের মোটর সাইকেলের গতিরোধ করে এবং তাকে এলোপাতারি কুপিয়ে ও মারধর করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
পুলিশ সুপার মাসুদ আলমের ভাষ্য, এ হত্যাকাণ্ড অনেকদিন আগে থেকে পরিকল্পিত ছিল না।
ফেইসবুক স্ট্যাটাস হুমকি এসব ‘সামান্য বিষয়’ নিয়ে হুটহাট হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ভাষ্য তার।