২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ফেনসিডিল নিয়ে ধরা পুলিশসহ তিনজন

তাদের বহনকারী গাড়িতে ৯৩ বোতল ফেনসিডিল মিলেছে।

চট্টগ্রামে ফেনসিডিল নিয়ে ধরা পুলিশসহ তিনজন

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 10:15 PM

Updated : 15 Oct 2023, 10:15 PM

চট্টগ্রামে েফনসিডিল বহনের অভিযোগে এক পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার তারা গেইট এলাকা থেকে শনিবার প্রাইভেট কারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আশরাফুল হাসান (২৯) গ্রেপ্তারের আগে খাগড়াছড়ির রামগড় থানায় কর্মরত ছিলেন। অন্য দুই জন হলেন- আবু মুসা (৪০) ও এজাহার মিয়া (৩২)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নাহিদ আদনান তাইয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বায়েজিদ তারা গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাইভেট কারটি ফেনসিডিল নিয়ে নগরীতে আসছিল জানিয়ে তিনি বলেন, “প্রাইভেট কারে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আশরাফুল পুলিশ সদস্য বলে জানিয়েছেন।”

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা তাইয়ান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।