২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসাবর্জ্যের অবৈধ মজুদ: চট্টগ্রামে দুইজনের বিরুদ্ধে মামলা

অভিযানে কারখানাটি থেকে ১৫৯৪ কেজি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য জব্দ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 10:53 AM

Updated : 28 Jan 2024, 10:53 AM

অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসাবর্জ্য মজুদ ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

শুক্রবার নগরীর চান্দগাঁও থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুসারে মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আকতার।

মামলার আসামিরা হলেন- খাজা ট্রেডিংয়ের মালিক মো. জুবের আলম (৩৮) এবং ব্যবস্থাপক মো. জুনায়েদ হোসেন (৩০)। জুনায়েদ কারখানা মালিক জুবেরের ভাই।

এর আগে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে হাজারীপুল মাইজপাড়া এলাকার খাজা ট্রেডিং নামের কারখানার ১ ও ২ নম্বর ইউনিট পরিদর্শন করে অধিদপ্তরের একটি দল।

মিয়া মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে কারখানাটি থেকে ১৫৯৪ কেজি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য জব্দ করা হয়।

এর মধ্যে ইঞ্জেকশনের খালি ভায়াল, ব্যবহৃত সিরিঞ্জ ও সুঁই, ক্যাথেটার, রক্ত সঞ্চালন ব্যাগ, টিউব, প্লাস্টিক ও ধাতব কৌটা জব্দ করা হয়। পরে সেসব আনন্দবাজারের অত্যাধুনিক ইনসিনারেটর প্লান্টের মাধ্যমে ধ্বংস করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।

পরিদর্শনকালে ২৫-৩০ জন মহিলা ও পুরুষ শ্রমিককে চিকিৎসা বর্জ্য আলাদা করতে দেখা যায়। কারখানা দু'টির কোনটিরই পরিবেশগত ছাড়পত্র এবং চিকিৎসা বর্জ্য মজুদ ও প্রক্রিয়াজাতকরণের লাইসেন্স নেই বলে জানান মিয়া মাহমুদুল হক।

বৃহস্পতিবার অভিযানের সময় কারখানার ব্যবস্থাপক মো. জুনায়েদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)