চট্টগ্রামে শিশুকে ‘যৌন নির্যাতন’র মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
পুলিশ জানায়, চতুর্থ শ্রেণির এক ছাত্রকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যৌন নির্যাতন করা হয়।
চট্টগ্রামে এক শিশুকে যৌন নির্যাতনের মামলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচখাইনের একটি মাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জালাল আহম্মদ (৬০) চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদের বাসিন্দা। তিনি হাটহাজারীর মদুনাঘাটে থাকতেন।
জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জালাল ‘বিকৃত যৌনাচারে’ অভ্যস্ত। লোহাগড়ার আমিরাবাদে তার পরিবার থাকলেও তিনি ভবঘুরে হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।
২০১৫ সালে বাঁশখালীতে আরেক শিশুকে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সে মামলায় জালাল কিছুদিন কারাগারে ছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সহকারী পুলিশ সুপার জানান, মঙ্গলবার নোয়াপাড়ার চতুর্থ শ্রেণির এক ছাত্র ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মোবাইল ফোন ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান জালাল।
“সেখানে শিশুটিকে ‘বলাৎকার’ করেন তিনি। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় জালালকে গ্রেপ্তার করে পুলিশ।”
পুলিশ জানায়, আমিরাবাদে একই ধরনের অভিযোগে স্থানীয়রা তাকে একবার গণপিটুনি দেয়। বিভিন্ন সময়ে এলাকার স্থানীয়রাও তার বিরুদ্ধে অভিযোগ করেছে।
