১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাবাকে মারধর, টাকা লুট: ছেলের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে তিন বছর তিন মাস আগের এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত জিকু চৌধুরী পলাতক।

বাবাকে মারধর, টাকা লুট: ছেলের ১০ বছরের কারাদণ্ড

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 08:43 PM

Updated : 01 Jan 2024, 09:32 PM

বাবাকে মারধর ও টাকা লুটের ঘটনায় ছেলেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

সোমবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা রায়ে দণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করেছেন।

তিন বছর তিন মাস আগের ঘটনায় দণ্ডপ্রাপ্ত জিকু চৌধুরী চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকার ডা. মুকুল শীলের পুত্র, যিনি পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি মোহাম্মদ নোমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবাকে মারধর করে ফার্মেসি থেকে টাকা চুরির ঘটনায় পৃথক ধারায় বিচারক পাঁচ বছর করে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলী থানাধীন ছদু চৌধুরী রোড এলাকায় পিতার ফার্মেসিতে গিয়ে তাকে মারধর এবং হুমকি দেন ছেলে জিকু চৌধুরী। এসময় ক্যাশবাক্স ভেঙে এক লাখ ২০ হাজার টাকা নগদ লুট করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।

পরে বাবার কাছ থেকে জোরপূর্বক চেক বইয়ে সই নিয়ে ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে ছেলে। এ ঘটনায় মুকুল শীল বাদি হয়ে পাহাড়তলী থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন।

২০২১ সালের ৮ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ২৩ মে অভিযোগ গঠনের পর ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে সোমবার এ রায় আসে।