১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান

ঈদের সকালে ৮টা ও পৌনে ৯টায় দুটি জামাত হবে এই মাঠে।

চট্টগ্রামের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান

অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ মসজিদের ভেতরে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 07:54 PM

Updated : 09 Apr 2024, 07:54 PM

ঈদুল ফিতরে বন্দরনগরে কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য প্রস্তুত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান।

ঈদের সকালে ৮টা ও পৌনে ৯টায় দুটি জামাত হবে এই মাঠে। মঙ্গলবার মসজিদে এসে সব প্রস্তুতি ঘুরে দেখেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, ঈদ জামাতের জন্য পর্যাপ্ত ফ্যান ও সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে।

“নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত হবে।”

মেয়র রেজাউল বলেন, “স্বাভাবিক বৃষ্টিতে যাতে নামাজ বিঘ্নিত না হয়, সেজন্য মসজিদের আশপাশের নালাগুলো পরিষ্কার করা হয়েছে। তবে অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে জামাত হবে মসজিদের ভেতরে।

“মুরাদপুরে প্রায় ৪ হাজার মানুষ নামাজ পড়তে পারবে– এমন একটি ঈদগাহ নির্মাণ করেছি৷ যদিও এখন কিছু কাজ বাকি, তারপরও এবার নতুন ঈদগাহে নামাজ হবে।”

মেয়র জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান পরিদর্শনের সময় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, গোলাম মোহাম্মদ জুবায়ের, আবদুল মান্নান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম ও প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তার সঙ্গে ছিলেন।

লালদীঘিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে এবার ঈদ জামাত হবে সকাল ৮টায়।

Image

চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী মঙ্গলবার জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি ঘুরে দেখেন।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে- হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত হবে।

ঈদের দিন দুই দফায় পরিচ্ছন্নতা কার্যক্রম

ঈদের দিন চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখতে দুই দফায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন৷

মঙ্গলবার টাইগারপাসের অস্থায়ী নগর ভবনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়৷

ঈদের দিন প্রথম দফায় ভোর ৪টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেবকরা নগরীর রাজপথ থেকে অলি-গলি পরিষ্কার করবেন৷ দ্বিতীয় দফায় বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত আবর্জনার গাড়ি দিয়ে সংগৃহীত আবর্জনা ময়লার ভাগাড়ে নেওয়া হবে৷

Image

চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী মঙ্গলবার জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি ঘুরে দেখেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “নগরীকে পরিচ্ছন্ন রাখতে এবং মশার প্রকোপ কমাতে পরিচ্ছন্নতা বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

“গত কোরবানির ঈদে মাত্র ৭ ঘন্টায় নগরীকে পরিচ্ছন্ন করেছিলাম। এবার রোজার ঈদেও এভাবে চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখতে হবে। এবার ঈদে যেহেতু বন্ধ বেশি, সেহেতু নগরীকে পরিচ্ছন্ন রাখার চ্যালেঞ্জও বেশি। ঈদের ছুটিতে যাতে নগরী পরিচ্ছন্ন থাকে, সে বিষষটি নিশ্চিত করতে হবে।”

কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, “কাউন্সিলররা ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকমত হচ্ছে কী না তা তদারক করবেন। কেউ ফাঁকি দিলে লিখিত অভিযোগ দেবেন। তদন্ত করে শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে কোনো তদবির-সুপারিশে কাজ হবে না। 

পরিচ্ছন্নতা বিভাগের জোন প্রধান ও সুপারভাইজারদের উদ্দেশে মেয়র রেজাউল বলেন, “কয়েকদিন আগে মহেশখালে গিয়ে দেখলাম কচুরিপানায় ভর্তি হয়েগেছে৷ জোন প্রধানদের কাজ কী? যেখানে যাই সেখানে দেখি ময়লার স্তূপ৷ সুপারভাইজারদের কাজ কী? নগরীতে সুইপিং কার্যক্রমও কমে গেছে৷

“অধিকাংশ জোন প্রধান ও সুপারভাইজারের দায়িত্ব পালনে অবহেলা আছে৷ সিটি করপোরেশনের বেতন নেবেন, আর অন্য জায়গায় চাকরি করবেন- তা হবে না৷ আপনারা রাস্তায় নির্মাণ সামগ্রী রাখলে জব্দ করেন৷ কেউ পোস্টার লাগালে, নোটিস দিয়ে আইনগত ব্যবস্থা নেন। কোচিং সেন্টারগুলা পুরা শহরটাকে নষ্ট করে ফেলছে৷ যত্রতত্র পোস্টারিং বন্ধ করতে হবে।”

ময়লার গাড়িতে ত্রিপলের ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, “লোকবল ও যন্ত্রপাতির ঘাটতি থাকলে তা পূরণ করা হবে৷”