চট্টগ্রামে থেমে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, ২ মৃত্যু
ভোররাতে গাড়ি চালানোর সময় প্রাইভেট কারের চালকের তন্দ্রাভাব আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকের পেছন থেকে ধাক্কা খেয়ে এক প্রাইভেট কারে থাকা দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার সকাল পৌনে ৬টার দিকে মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানায়।
নিহতরা হলেন- গাড়ির চালক মাহবুব (৩৫) ও যাত্রী মাইনুদ্দিন (৩৮); দুজনেরই বাড়ি কুমিল্লার বুড়িচং এলাকায়। গাড়িতে থাকা মাইনুদ্দিনের স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইভেট কারটি কক্সবাজার থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। ফকিরহাট বাজারে থেমে থাকা একটি ট্রাকের পেছনে গাড়িটি সজোরে ধাক্কা খায়। তাতে চালক ও সামনের আসনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ভোররাতে গাড়ি চালানোর সময় প্রাইভেট কারের চালকের তন্দ্রাভাব আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
