২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় দুই মামলা

নগরীর পাঁচলাইশ থানায় মামলা দুইটি হয়েছে বলে ওসি সন্তোষ কুমার চাকমা জানান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 04:36 PM

Updated : 28 Aug 2023, 05:17 PM

অতি বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় দুইটি মামলা হয়েছে।

নিহতের পরিবার এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দুইটি হয়েছে বলে ওসি সন্তোষ কুমার চাকমা জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত সোহেলের ভাই মহরম আলী অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে একটি মামলা করেন। আর সরকারি পাহাড় কাটার অভিযোগে অন্য মামলাটি করেছেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান।

দুই মামলাতেই আব্দুল খালেক নামে (৫৫) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। খালেক রেলেওয়ে বিভাগীয় প্রকৌশলী-১ কার্যালয়ে চৌকিদারের কাজ করেন।

ষোলশহর রেল স্টেশন সংলগ্ন আই ডব্লিউ কলোনিতে পাহাড় ধসের ঘটনা ঘটে রোববার সকালে।

আই ডব্লিউ কলোনির পাহাড়টি অন্তত ৫০ ফুট উচুঁ; সেখানে রিটেইনিং ওয়ালও আছে। পাহাড়ের নিচের এলাকায় দেওয়াল নির্মাণ এবং ছোট ছোট ঘর বানিয়ে স্থানীয় নিম্নআয়ের লোকজনের কাছে ভাড়া দিয়েছিলেন খালেক। যা ‘খালেক কলোনি’ নামে পরিচিতি।

ওই কলোনিতে খালেকও তার পরিবার নিয়ে থাকেন। তার ঘর থেকে অন্তত ২০০ গজ দূরে গিয়ে পাহাড় কেটে ঘর বানান তিনি।

সকালে অতি বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে নিচে ঘরের উপর পড়ে। তাতে একই পরিবারের চারজন চাপা পড়লে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সোহেল ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতের মৃত্যু হয়।

পুরনো খবর:

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, “পরিবেশ অধিদপ্তরের করা মামলার এজাহারে বলা হয়েছে, আনুমানিক ৫০ ফুট উচ্চতার পাহাড়টির ঢালে ঝুঁকিপূর্ণভাবে স্থাপনা নির্মাণ করেছেন খালেক।

“যার কারণে খালেক ৫০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ এবং ২০ ফুট উচ্চতায় পাহাড় কেটেছেন। সেখানে খালেক ও তার স্ত্রী সেখানে অন্তত ৫০টি ঘর নির্মাণ করেছেন। “

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মহরম আলীর মামলার এজাহারে বলা হয়েছে, পাহাড় কেটে দেয়াল নির্মাণের সময় এলাকার লোকজন খালেককে বাঁধা দিয়েছিলেন। কিন্তু জোর করে তিনি দেয়াল নির্মাণ করেছিলেন।