২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরকার সমর্থক বিচারকদের রাজনীতিবিদ হতে বললেন আমীর খসরু

“বাংলাদেশের এই গোষ্ঠী যারা একটি ভোট চুরির প্রকল্পের মধ্যে বাংলাদেশের জনগণের সাংবাধিক, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এই প্রকল্পের মাধ্যমে টিকে আছে, তার মধ্যে এই বিচারক লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ’’

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 09:30 PM

Updated : 23 Aug 2023, 09:30 PM

যেসব বিচারক ‘ভোট চুরি প্রকল্পের রাজনীতির সাথে জড়িত’ একটি দলকে ক্ষমতায় নিতে চান, তাদের শপথবদ্ধ রাজনীতিবিদ হতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির একদফা দাবির সমর্থনে ‘ইউনাইটেড ল'ইয়ার্স ফ্রন্টের আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ সরকার দেশ পরিচালনা করছে। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে, ভোট চুরির প্রকল্প এই যে রেজিম, এটার মধ্যে কারা আছে? এর মধ্যে আছে, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, লুটেরা ব্যবসায়ী, আছে বাংলাদেশ আওয়ামী জাতীয় বিচারক লীগ। এটা নতুন এডিশন। ভোট চুরির প্রকল্পে নতুন সংযোজন আওয়ামী বিচারক লীগ।”

তিনি বলেন, “যাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম চালাচ্ছে এর মধ্যে বিচারক লীগ নতুন সংযোজন। আমাদের একটি বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে এই বিচারক লীগের ভূমিকা কি? এই যে প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে, বিচার বিভাগের নতুন অ্যাক্টর যারা, নিজেদের আধা প্রকাশ করতে পারে। আগে প্রকাশ না করে কাজ করেছেন, এখন নিজেদেরকে প্রকাশ করছেন।

“প্রকাশ করার পেছনে যে বার্তা জাতি পেয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বিবেচ্য বিষয়। বাংলাদেশের এই গোষ্ঠী যারা একটি ভোট চুরির প্রকল্পের মধ্যে বাংলাদেশের জনগণের সাংবাধিক, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এই প্রকল্পের মাধ্যমে টিকে আছে, তার মধ্যে এই বিচারক লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ’’

এসব বিচারক ভোট চুরি প্রকল্পের একট অংশ মন্তব্য করে আমীর খসরু বলেন, “যে সমস্ত বিচারক ভোট চুরির প্রকল্পের রাজনীতির সাথে জড়িত একটি দলকে ক্ষমতায় নেওয়া জন্য, আপনারা আপনাদের চেয়ার থেকে অব্যাহতি নিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদ হয়ে যান। কারও কোনো আপত্তি থাকবে না।”

ল'ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী জহুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক জয়নুল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, বাংলাদেশ ইসলামিক লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী।