ইউপি সদস্যকে মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ধরা
সাতকানিয়ায় এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
পূর্ব ‘শত্রুতার’ জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাসায় ‘অস্ত্র রেখে’ তাকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।
সাতকানিয়া উপজেলার আমিলাইস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রোববার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জয়নাল আবেদীন ওরফে নদভী (৩৬), তিনি ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়ির বাথরুমের ফলস সিলিংয়ের দেশীয় অস্ত্র রেখেছিলেন বলে ভাষ্য র্যাবের।
র্যাবের জিজ্ঞাসাবাদে জয়নাল ‘স্বীকার’ করেছেন, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে ইউপি সদস্য লোকমানের সঙ্গে তার বিরোধ ছিল।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছে সংবাদ আসে ইউপি সদস্য লোকমান হাকিমের কাছে অস্ত্র মজুদ আছে। সেই তথ্যের ভিত্তিতে লোকমানের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালান হয়। বাড়ির নিচ তলার বাথরুমের ফলস সিলিংয়ে গামছা মোড়ানো অবস্থায় একটি দেশীয় বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
“অস্ত্র উদ্ধারের জায়গা এবং পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে আমাদের মনে হচ্ছিল, কাউকে ফাঁসানোর জন্য এখানে অস্ত্র রেখে খবর দেওয়া হয়েছে। এই সন্দেহের বশে জয়নালকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে অস্ত্র রেখে ফাঁসানোর বিষয়টি স্বীকার করে।”
এএসপি তাহিয়াত বলেন, “পূর্ব বিরোধের জেরে লোকমানকে ফাঁসানোর জন্য দুই দিন আগে পানির পাইপ বেয়ে দ্বিতীয় তলায় উঠে ঘরে ঢুকে জয়নাল। নিচতলার বাথরুমের ফলস সিলিংয়ের অস্ত্র রেখে তারপর আমাদের খবর দেয়।”
জয়নালের বিরুদ্ধে অস্ত্র আইনে সাতকানিয়া থানায় র্যাব একটি মামলা করেছে।
