Published : 28 Oct 2022, 09:35 PM
চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ১৮ শিশুর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, যাতে সহায়তা করেছে অরবিস ইন্টারন্যাশনাল।
শুক্রবার এ বিষয়ে জানানোর আগে বৃহস্পতিবার এদের মধ্যে সবশেষ ছয় জনের অস্ত্রোপচার শেষ হয়। এর আগে ৬ সেপ্টেম্বর ছয় জন এবং ২০ অক্টোবর ৬ জনের চোখের অপারেশন হয়।
অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস মোহাম্মদ আলাউদ্দিন জানান, চার রোহিঙ্গাসহ ১৮ শিশুর চোখের সফল অপারেশন হয়েছে।
১৯৮৫ সালে উড়ন্ত চক্ষু হাসপাতালের মাধ্যমে অরবিস বাংলাদেশে কাজ শুরু করেছে। বিশ্বের ৯২টি দেশে অরবিসের কার্যক্রম বিস্তৃত রয়েছে বলে জানান তিনি।
শিশুদের অস্ত্রোপচার করেন ডা. নাসিমুল গনি চৌধুরী। তত্ত্বাবধানে ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ম্যানেজার (প্রোগাম অ্যান্ড অপারেশন) শহীদ উদ্দিন মাহমুদ, এমআইএস অফিসার এমএইচএম অহিদুর রহমান ও ফিল্ড ফেসিলিটেটর জামিল উদ্দিন বাপ্পী।
শহীদ উদ্দিন বলেন, শিশুরা ও তাদের অভিভাবক চোখের সুচিকিৎসা হওয়ায় তারা খুব খুশি। এই চিকিৎসায় তাদের ভবিষ্যত নিশ্চিত হয়েছে।