শেখ হাসিনা না থাকলে দেশ আফগানিস্তান-পাকিস্তান হয়ে যেত: নওফেল
“বিদেশে বসে অপরাজনৈতিক শক্তি অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকণ্যার সাথে আছে," বলেন তিনি।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে দেশ আফগানিস্তান-পাকিস্তান হয়ে যেত বলে মনে করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার নগরীর কে সি দে রোডে তার নির্বাচনি কার্যালয়ে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, "বাংলাদেশকে খালেদা জিয়া এবং তার কুপুত্র খুনি তারেক রহমান আফগানিস্তান বানাতে চেয়েছিল, তাদের সময়ে শ্লোগান উঠে, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।
নওফেল বলেন, “বিদেশে বসে অপরাজনৈতিক শক্তি অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকণ্যার সাথে আছে৷"
বাংলাদেশের নারী সমাজের সামনে বিশাল চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও রয়েছে মন্তব্য করে তিনি বলনে, “দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগ কিন্তু নারী। সুতরাং মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদেরও বুঝতে এবং নারীসমাজকেও বোঝাতে হবে যে, বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।"
শিক্ষামন্ত্রী বলেন, "দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি ঘরে বসে থাকে, তাহলে দেশ কি চলবে? নারীদের যে সক্ষমতা, পুরুষের চাইতে কোনো অংশে কম নয়।
"আজ বাংলাদেশের অর্থনীতিতে নারীসমাজ যে ভূমিকা রাখছে, সেটি না হলে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে ফিরে যেত। আর এই অবদান নারীসমাজ রাখতে পেরেছে কারণ দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন বঙ্গবন্ধুকণ্যা।"
তিনি বলেন, "একজন শেখ হাসিনা, তিনি শুধু আমাদের প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের অভিভাবক। আজ দেশে নারীরা বিমান চালাচ্ছে, চিকিৎসক হচ্ছে, ব্যবসা করছে, নার্স হচ্ছে, বিদেশে কর্মী হিসেবে যাচ্ছেন, দেশে কলকারখানায় কাজ করছেন, সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকণ্যার জন্য।
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুরে আরা বিউটি, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমীন ফারুক, ধর্ম সম্পাদক আয়েশা আক্তার, কাউন্সিলর শাহীন আক্তার রুজি।
