২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ ‘ভেরি স্পেশাল পার্টনার’: রাজীব রঞ্জন

“শিক্ষা ও গবেষণা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার সুযোগ রয়েছে,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 07:40 PM

Updated : 04 Nov 2022, 07:40 PM

বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘অভূতপূর্ব সম্পর্ক’ বিদ্যমান বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।

তিনি বলেছেন, “ভারত-বাংলাদেশ ভেরি স্পেশাল পার্টনার। প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে আমরা রোল মডেল। শিক্ষা ও গবেষণা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে।”

শুক্রবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘পোষাপ্রাণীর পুষ্টি এবং ছোট প্রাণীর প্রজনন’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয় বলে শিক্ষা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে রাজীব রঞ্জন বলেন, “উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সিভাসু উপাচার্য একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। সিভাসু পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) ড. রায়হান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসু মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ড. ভজন চন্দ্র দাস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভারপ্রাপ্ত ডিন লুৎফুর রহমান, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) এ কে এম সাইফুদ্দিন এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান আজিজুন্নেসা।

উদ্বোধনের পর দুটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন মাদ্রাজ ভেটেরিনারি কলেজের (এমভিসি) ডিন আর করুণাকরণ ।