২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ চট্টগ্রামে পোশাক কারখানার প্রহরী

ডাকাতি, মাদক পাচার, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে দশটি মামলা আছে তার বিরুদ্ধে।

যশোরের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ চট্টগ্রামে পোশাক কারখানার প্রহরী

গ্রেপ্তার জাহিদ হাসান

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 07:56 PM

Updated : 19 Oct 2022, 07:56 PM

যশোর পুলিশের ‘তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে’ চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সাবেক সেনা সদস্য পরিচয়ে চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রহরীর কাজ জুটিয়ে নিয়েছিলেন।

এর মধ্যে চট্টগ্রাম থেকে এক পোশাক শ্রমিককে ঢাকায় নিয়ে তিনি ধর্ষণের ঘটনাও ঘটিয়েছেন বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানা থেকে জাহিদ হাসান নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, যশোরের বাঘারপাড়া এলাকার জাহিদ হোসেন স্থানীয়দের কাছে ‘বোমা জাহিদ’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক, মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা আছে বাঘারপাড়া ও যশোর কোতোয়ালি থানায়। এছাড়া চট্টগ্রামের এক পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগে ঢাকার রমনা থানায় আরো একটি মামলা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যশোর থেকে পালিয়ে চট্টগ্রামে চলে আসার পর জাহিদ তার নাম বদলে ফেলেন। নাহিদুল ইসলাম সজীব পরিচয় দিয়ে বিভিন্ন পোশাক কারখানায় প্রহরীর কাজ শুরু করেন। চাকরি নেওয়ার সময় নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং র‌্যাবে কাজ করার অভিজ্ঞতার মিথ্যা তথ্য দিতেন।

“বেশ কয়েক বছর ধরে জাহিদ চট্টগ্রামে আছেন। ইপিজেড এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকেন। যশোরে এক স্ত্রী থাকার তথ্য গোপন করে চট্টগ্রামে আরেকটি বিয়ে করেছেন তিনি।”

এই র‌্যাব কর্মকর্তা বলেন, “দুই স্ত্রী থাকার পরও তিনি চট্টগ্রামে এক পোশাক শ্রমিকের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। গত অগাস্টে তাকে বিয়ে করার কথা বলে এবং যশোরে নিজের বাড়িতে নেওয়ার আশ্বাস দিয়ে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারীকে হোটেল রুমে রেখে সাথে থাকা তিন হাজার ৮০০ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে সটকে পড়েন।”

আবসার বলেন, ওই নারী হোটেল থেকে বেরিয়ে এক ট্রাফিক পুলিশের সহায়তায় রমনা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যান। সেখানে ২ অগাস্ট ধর্ষণের মামলা করেন।

ওই মামলায় জাহিদের নাম উল্লেখ করা হয়েছিল নাহিদুল ইসলাম সজীব। বাবার নাম অজ্ঞাত এবং মায়ের নাম লেখা হয়েছিল নুপুর বেগম।

র‌্যাব কর্মকর্তা আবসার বলেন, “জাহিদকে ধরতে যশোরের পুলিশ দীর্ঘদিন ধরে খোঁজ করছিলেন। পাশাপাশি র‌্যাবও তার বিষয়ে খোঁজ নিচ্ছিল। অবশেষে মঙ্গলবার রাতে তাকে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা থেকে গ্রেপ্তার করা হয়। যেখানে তিনি মাস তিনেক আগে অবসরপ্রাপ্ত সেনা সদদ্যের ভুয়া পরিচয় দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন।”

প্রেপ্তার জাহিদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।