২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের কবলে পড়ে ১২ মাঝিমাল্লা নিয়ে নিখোঁজ ট্রলার

ট্রলারটির খোঁজে কোস্টগার্ডের দুইটি জাহাজ কাজ করছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 06:29 PM

Updated : 03 Aug 2023, 06:29 PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ১২ জন মাঝিমাল্লাসহ একটি ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে।

গত মঙ্গলবার রাত থেকে ট্রলারটি নিখোঁজ রয়েছে বলে ট্রলার মালিকের পক্ষ থেকে জানানো হয়।

ট্রলারটির খোঁজে কোস্টগার্ডের দুইটি জাহাজ কাজ করছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ মাঝিমাল্লারা হলেন- মো. মোক্তার, মো. আফতাব, মো. জাহাঙ্গীর, মো. ইলিয়াছ, ফরিদ, আজু, নূর মোহাম্মদ, শাহীন, আরশাদ, আরিফ, ওসমান ও নূর উদ্দিন। তাদের সবার বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা এলাকায়।

কোস্টগার্ড পূর্ব জোনের বিজিসি সাঙ্গু স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলার মালিকের ভাষ্য অনুযায়ী বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে ১০ থেকে ১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে ট্রলারটি নিখোঁজ হয়েছে।

“গতরাতে বিষয়টি আমাদের জানানোর পরপরই সাগরে টহলে থাকা কোস্ট গোর্ডের জাহাজ ‘বিসিজিএস জয়বাংলা’ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেছে। পরবর্তীতে ‘বিসিজিএস কামরুজ্জামান’ নামে আরও একটি জাহাজ তল্লাশিতে যোগ দিয়েছে।”

ট্রলার মালিকের দেয়া তথ্যের বরাত দিয়ে কমান্ডার মোস্তাক জানান, এফভি আলী শাহ-২ নামের ট্রলারটি গত ৩০ জুলাই আনোয়ারা উপজেলার গহিরা থেকে ১২ জন মাঝিমাল্লাসহ সাগরে মাছ ধরতে যায়। পরদিনও সেটির সাথে মালিকের যোগাযোগ ছিল, কিন্তু মঙ্গলবার রাত থেকে যোগাযোগ না হওয়ায় বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়।

এফভি আলী শাহ-২ ট্রলারের মালিকদের একজন মো. আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারটির অর্ধেক মালিকানা তাদের পারিবারিক। আর অর্ধেকের মালিকানায় ট্রলারে থাকা মাঝি মোক্তার ও আফতাবের।

তিনি জানান, গহিরা থেকে কয়েক’শ ট্রলার ৩০ জুলাই রাতে সাগরে মাছ ধরতে যায়। এগুলোর মধ্যে আলী শাহ-২ সহ পাঁচটি ট্রলার কুতুবদিয়া এলাকায় সাগরে ঝড়ের কবলে পড়েছিল। চারটি ট্রলারের মাঝিমাল্লারা অন্যান্য ট্রলারের সহযোগিতায় উঠে আসলেও তাদের ট্রলার নিখোঁজ রয়েছে।