সহস্র নারী-শিশুকে ঈদ উপহার দিলেন রেজাউল
“সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও দরিদ্রদের পাশে দাঁড়ান,” বলেন তিনি।
দরিদ্রদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার নগরীর বহদ্দারহাটে নিজের বাসভবন প্রাঙ্গণে এক হাজার অসচ্ছল নারী ও শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণের সময় তিনি এ আহ্বান জানান।
মেয়র রেজাউল বলেন, “দরিদ্র মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও অসচ্ছল মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করছি।
“সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও দরিদ্রদের পাশে দাঁড়ান। বিলাসী ঈদ উদ্যাপনের পরিবর্তে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আনন্দের ঈদ উদ্যাপন করি৷”
বীর মুক্তিযোদ্ধা রেজাউল বলেন, “রমজান মাসে ইফতার, সেহরি, যাকাত, ফিতরা কার্যক্রমের মাধ্যমে ধনী-দরিদ্রের সামাজিক ব্যবধান দূর হয়ে সমাজে সাম্যের শিক্ষা প্রতিষ্ঠিত হয়। ইফতারের মাধ্যমে ধনী-গরীব এক কাতারে আসে।
“সচ্ছল মানুষরা উপলব্ধি করতে পারে ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা। আসুন ইসলামের সুমহান শিক্ষাকে বুকে ধারণ করে ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলি।”
