তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না: ভূমিমন্ত্রী
“তারা সারাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে এবং এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত,”- বলেন সাইফুজ্জামান চৌধুরী
নির্বাচন আসলেই স্বাধীনতাবিরোধীরা আরেকটি ১৫ অগাস্টের স্বপ্ন দেখে মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না।
শনিবার বিকালে নগরীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই স্বাধীনতাবিরোধী, তারা কখনো এদেশের উন্নয়ন চায়নি। দেশের উন্নয়ন,স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“যে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বলা হতো সে বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিগত ১৩ বছরে দেশ উন্নয়নের পথে অনেকদূর এগিয়েছে।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে এই দেশ শীঘ্রই উন্নত দেশের তালিকায় যুক্ত হবে।’’
তবে নির্বাচন আসলেই স্বাধীনতাবিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে মন্তব্য করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, “তারা সারাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে এবং এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
“তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। মনে রাখবেন যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।”
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান, সহ সভাপতি মো. ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে. এম. আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা প্রমুখ।
