স্বাধীনতাবিরোধীদের ভোট নয়: নুরুল আলম
“বাঙালির স্বাধীনতা ও জাতি সত্তার বিরুদ্ধে আজও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে,” বলেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ রক্ষার নির্বাচন’ হিসেবে দেখছেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম।
তিনি বলেছেন, “সকল দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমির অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ।
“এই নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা নস্যাৎ করে দিতে নতুন প্রজন্মসহ দেশপ্রেমিক জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের আরাধ্য বাংলাদেশ গড়ার চলমান প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে।"
শনিবার বিকালে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১ এর সাংগঠনিক সভায় তিনি এ মন্তব্য করেন।
সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি নুরুল বলেন, “১৯৭১ এ একটি সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিজয়ের পাঁচ দশক পরেও বাঙালির স্বাধীনতা ও জাতি সত্তার বিরুদ্ধে আজও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে।
“নানান অজুহাতে যুদ্ধাপরাধীদের বিচার যারা ঠেকিয়ে দিতে চেয়েছিল, তারা আজ আবার তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে প্রকারান্তরে বাংলাদেশের সমৃদ্ধি ও অদম্য এগিয়ে চলাকে থামিয়ে দিতে চায়।"
সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় নগরীর চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, সাইফুন নাহার খুশি, হাজী সেলিম রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ লেয়াকত হোসেন, জসিম উদ্দিন, পলাশ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
