হ্রদের ধারে কল্পনার ক্যানভাস বাস্তবে ফুটিয়ে তুললো ৭০০ শিশু
‘মনের সুখে আঁকি’ শীর্ষক শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় তারা।
গ্রামের পথে চার বেহারার পালকি চড়ে নতুন বর-কনের যাত্রা, গরুর গাড়ি, নদী, সূর্যাস্তের রক্তিম আকাশ আর রঙিন ছাতা- কী নেই শিশুদের আঁকার খাতায়?
লাল কুড়েঘর, আকাশ জুড়ে রংধনু, সোনালী ফসলের মাঠ, স্বচ্ছ নদী, হলুদ পাতায় ভরা গাছ আর বহু রঙের বাঘ; এমন সব বৈচিত্র্যই ফুটে উঠেছে শিশুদের ক্যানভাসে।
শনিবার চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্র ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো ‘মনের সুখে আঁকি’ শীর্ষক শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়; এদিন সকাল থেকে লেকপাড়ে পাহাড়ের পাদদেশে সাতশ শিশু বসেছিল তাদের কল্পনার ক্যানভাস বাস্তবে ফুটিয়ে তুলতে।
দুপুর পর্যন্ত শিশুরা ছবি এঁকেছে; তারপর বাবা-মা, ভাইবোন ও বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছে প্রকৃতির কোলে গড়ে ওঠা এই লে- পার্কে।
এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আরাফ মামার সঙ্গে এসেছিল প্রতিযোগিতায়। সে এঁকেছিল সবুজ ফসলের মাঠের মাঝ দিয়ে চলে যাওয়া গ্রামের মেঠো পথ তুলে ধরেছে তার ক্যানভাসে।
নগরীর ওয়ারলেস স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এস এম মাহবুবের ছবির বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ’।
তার ছবির ক্যানভাসের মাঝ বরাবর বঙ্গবন্ধুর বড় প্রতিকৃতি। চারপাশে ছাত্রদের আন্দোলন সংগ্রাম থেকে সম্মুখ যুদ্ধ, বিজয় অর্জন আর শহীদ মিনারে লাল-সবুজের পতাকা।
মাহবুব জানায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। তাই তাকে কেন্দ্রে রেখে যুদ্ধের ছবি এঁকেছে সে।
নগরীর অক্সিজেন এলাকার রহমানিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শামসুন্নাহারও ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ে আঁকতে গিয়ে শহীদদের আত্মত্যাগই ফুটিয়ে তুলেছে রং-তুলিতে।
মঞ্চের কাছেই এক মনে বসে সিলভার বেলস স্কুলের দ্বিতীয় শ্রেণির আফরা ইদনান ‘শিশু শ্রম’ বিষয়ে ছবি আঁকছিল। তার আশেপাশের অনেকেই তখন ছবি আঁকা শেষ করে চলে গেলেও তার খেয়ালই ছিল না।
লেকের রেলিং ঘেঁষে একেবারে কোণায় বসে ছবি আঁকছিল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সীথি মজুমদার।
ছবিতে একটা চার-পেয়ে প্রাণীর পিঠে চড়ে দুই শিশু হাতে খেলনা নিয়ে চলেছে। প্রাণীটির মাথার উপর একটা পাখিও বসে আছে।
সীথির কাছে জানতে চাওয়া হলো এটা কোন প্রাণী? সীথির জবাব, ওটা বাঘ। বাঘের লেজ গোলাপি, কমলা, হলুদ, নীল? গায়ের রঙ সবুজ, নীল, লাল, হলুদ আর তার উপর কালো ডোরা কাটা? সীথির এক কথা, 'ওটা বাঘ'।
তাহলে বাঘের পিঠে ওরা কারা?, 'ভাইবোন'। বাঘের পিঠে চড়ে যাচ্ছে কোথায়?- “বেড়াতে। বাঘটা ওদের বন্ধু।”
বুঝতে বাকি রইল না, এমন রঙের বাহার আর ভাবনার বৈচিত্র্য শিশুদের পক্ষেই সম্ভব। আর তাদের সুন্দর সব ভাবনাই ফুটিয়ে তুলেছে ছবিতে ছবিতে।
এ বিষয়ে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা কনকর্ডের উপব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ষোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুদের সুকুমার বৃত্তিগুলো যাতে বিকশিত হয় এবং তারা যেন প্রকৃতির সান্নিধ্য পায়- এ দুটো বিষয় বিবেচনায় রেখেই এ আয়োজন।
এবারের আয়োজনে চট্টগ্রামের ২৫টি বিদ্যালয় ও একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয় থেকে প্রায় ৭০০ শিশু অংশ নেয়। এর মধ্যে ৫ থেকে ৮ বছর বয়সীরা ‘ক’ গ্রুপে এবং ৯ থেকে ১২ বছর বয়সীরা ছিল ‘খ’ গ্রুপে প্রতিযোগিতা করে।”
বিশ্বজিৎ ষোষ জানান, প্রত্যেক শিশুর সঙ্গে একজন করে অভিভাবক দিনভর পার্কের সবগুলো রাইডস উপভোগ করেছে বিনা খরচে।
প্রতিযোগী ও অভিভাবকদের জন্য ছিল দুপুরের খাবারের আয়োজনও। বিকালে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে দুই গ্রুপে ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম (স্বর্ণ পদক) স্বস্তিকা হালদার, দ্বিতীয় (রৌপ্য পদক) পার্থিব দাস ও তৃতীয় (ব্রোঞ্জ পদক) পায় আনিশা বুশরা।
‘খ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সায়াহ্ন রুদ্র, আনিকা তাসনিম ও প্রাঞ্জল দাস।
এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হিসেবে পুরস্কৃত হয় জাররার আনাম ও সালসাবিল বিনতে মুনিম। অংশগ্রহণকারী সব প্রতিযোগী পেয়েছে সার্টিফিকেট।
এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শিল্পী কে এম এ কাইয়ুম, শিল্পী সৌমেন দাশ, শিল্পী নাসিমা আক্তার, শিল্পী প্রণব মিত্র চৌধুরী ও শিল্পী উত্তম বড়ুয়া।
ফয়’স লেক কনকর্ডের ডিজিএম এনামুল করিম, এজিএম (মার্কেটিং) উজ্জ্বল কুমার বসাক এবং আয়োজনের স্পন্সর পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
