বোয়ালখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কয়েক ঘণ্টার ব্যবধানে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ও খিতাপচর এলাকা থেকে দুই শিশুকে স্বজনরা হাসপাতালে আনেন।
চট্টগ্রামের বোয়ালখালীতে দুই এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর ও বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
দুই শিশু হল- মো. জোবায়ের (৭) ও মো. সজিব (১২)। জোবায়েরের বাড়ি উপজেলার সারোয়াতী ইউনিয়নের খিতাপচর এলাকায় এবং সজীবের বাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কয়েক ঘণ্টার ব্যবধানে পশ্চিম গোমদণ্ডী ও খিতাপচর এলাকা থেকে দুই শিশুকে স্বজনরা হাসপাতালে আনেন। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
জোবায়েরের স্বজনদের বরাত দিয়ে ডা. সেন জানান, বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে জোবায়েরকে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখে হাসপাতালে আনা হয়।
আর সজীবের মৃত্যু নিয়ে তার স্বজনদের বরাতে সঞ্জয় সেন জানান, বাড়ির কাছের পুকুর-সংলগ্ন একটি তাল গাছ থেকে ঝড়ে পড়া তাল নিতে পুকুরে নেমে তলিয়ে যায় সজীব। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
