২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন: চবির প্রক্টরিয়াল বডিকে আদালতে তলব

আগামী ১৪ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হতে বলেছেন বিচারক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 06:51 PM

Updated : 05 Sep 2022, 06:51 PM

এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে তলব করেছে আদালত।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূইয়া সোমবার এ মামলার এক আসামির জামিন শুনানির সময় এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি নূর হোসেন শাওনের জামিন শুনানিকালে বিচারক প্রক্টরিয়াল বডিকে আদালতে তলব করেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর তাদের হাজির হতে হবে।”

গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় এলাকায় আক্রান্ত হন ওই ছাত্রী এবং তার এক বন্ধু।

পাঁচ যুবক জোর করে তাদের বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন এলাকায় তুলে নিয়ে যায় এবং সেখানে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

ওই ঘটনার পর ওই ছাত্রী প্রক্টরকে লিখিত অভিযোগ করতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তাতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার বিচারের দাবিতে ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এরপর ১৯ জুলাই গভীর রাতে ওই ছাত্রী হয়রানির অভিযোগ এনে হাটহাজারী থানায় মামলা করেন। ২২ জুলাই ছয় জনকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

গ্রেপ্তারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মোহাম্মদ আজিম এবং নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের নুরুল আবছারকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।