স্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বইমেলা শুরুর সময় জানালানে চট্টগ্রামের মেয়র
সভায় মেলার নতুন স্থান হিসেবে সিআরবির শিরিষতলা এবং বিকল্প হিসেবে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্কের স্থানে উন্মুক্ত জায়গার প্রস্তাব করেন মেয়র।
স্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রামে অমর একুশে বইমেলা ৯ ফেব্রুয়ারি শুরু করার কথা জানাল সিটি করপোরেশন।
রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় ২৩ দিনব্যাপী এ বইমেলা শুরু করার কথা জানান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২ মার্চ পর্যন্ত।
সিটি করপোরেশনের আয়োজনে একুশে বইমেলা নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু খেলার মাঠে কোনো মেলার প্রশাসনিক অনুমতি না থাকায় এবার বইমেলার জন্য নতুন জায়গা খুঁজতে হচ্ছে।
সভায় মেলার নতুন স্থান হিসেবে সিআরবির শিরিষতলা এবং বিকল্প হিসেবে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্কের স্থানে উন্মুক্ত জায়গার প্রস্তাব করেন মেয়র।
সিটি মেয়র রেজাউল করিম বলেন, “চট্টগ্রামের অমর একুশে বইমেলা আমাদের ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরিষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বইমেলা এবার শিরিষতলায় করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।
“বইমেলাকে সফল করতে প্রয়োজন সমন্বিত প্রয়াস, কেউ ইগোতে ভুগলে বইমেলা সফল করা যাবে না।”
সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, পেশাজীবী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, বেগম আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব ও আতাউল্লাহ চৌধুরী, সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম,অধ্যাপক ড. মোহিতুল আলম, কবি ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি রাশেদ রউফ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, মহিউদ্দিন শাহ আলম নিপু, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।
বৈঠকে অংশ নেয়া কবি ও সাংবাদিক ওমর কায়সার বলেন, আগে বইমেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের মাঠে হলেও সরকারি নির্দেশনার কারণে সেখানে এবারে করা যাচ্ছে না।
বিকল্প হিসেবে সিআরবি শিরিষ তলা অথবা শিশুপার্ক এলাকার স্থানে করার প্রস্তাব এসেছে।
