চট্টগ্রামে ট্রাকভর্তি টিসিবি পণ্য উদ্ধার, আটক ২
৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়েছে ট্রাক থেকে।
অবৈধভাবে মজুদের সময় টিসিবির ন্যায্যমূল্যের এক ট্রাক পণ্য উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়; এ ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও থেকে টিসিবি পণ্যগুলো উদ্ধারের কথা জানান সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত ১টার দিকে খবর পেয়ে ট্রাকসহ মালামালগুলো জব্দ করা হয়। পাশাপাশি ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি এবং ৬৫০ কেজি মসুর ডাল।
সহকারী কমিশনার বলেন, “প্রাথমিকভাবে যতটুকু জেনেছি আজ (বুধবার) বাহারছড়া ইউনিয়নে গ্রাহকদের মাঝে টিসিবি পণ্য বিক্রির কথা ছিল। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ডিলার আগের দিন তা ইউপি চেয়ারম্যানকে অবগত করার কথা, কিন্তু এখানে সেটি করা হয়নি বলে চেয়ারম্যান জানিয়েছেন। জব্দ করা এসব মালামাল একটি দোকানের গুদামে মজুদ করা হচ্ছিল।”
এ ঘটনায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ সচিবকে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
