২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ড্রামে অজ্ঞাত যুবতীর গলিত লাশ

দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 07:05 PM

Updated : 14 Oct 2022, 07:05 PM

চট্টগ্রামে সড়কের পাশে পড়ে থাকা ড্রাম থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবতীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা থানার কাঠগড় সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) অতুনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঠগড় শ্যামা সংঘ মন্দিরের অদূরে রাস্তার কাছে নির্জন স্থানে নীল রঙের একটি ড্রাম দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ড্রাম খুলে নারীর লাশ দেখতে পায়, যা প্রায় পচে যাওয়ায় চেহারা চেনার উপায় নেই।

ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। ওই নারীর পরনে চকলেট রঙের সালোয়ার কামিজ ছিল।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।