২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ১৫ থানার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে সভা স্বপনের

বিএনপির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 02:13 PM

Updated : 03 Sep 2022, 02:13 PM

দ্বন্দ্ব আর কোন্দলের জন্য আলোচিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৫টি থানা কমিটির সাংগঠনিক নেতাদের নিয়ে সভা করলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে নগর আওয়ামী লীগের ১৫ থানার সাংগঠনিক কমিটির সঙ্গে এই মতবিনিময় সভা হয়।

সংসদের হুইপ স্বপন ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক।

সভায় সিদ্ধান্ত জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং এই সভায় প্রথম পর্যায়ের ১৭টি ওয়ার্ডের সম্মেলনের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।

এছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপনের উপস্থিতিতে যে সকল ওয়ার্ডে সম্মেলন হয়নি সেগুলোর সাংগঠনিক অবস্থা যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করে সুবিধা অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।

সভায় ১৫টি থানা সাংগঠনিক কমিটির দায়িত্বপ্রাপ্ত নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, ও হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী এবং ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ উপস্থিত থেকে স্ব স্ব থানার সাংগঠনিক অবস্থান সম্পর্কে বক্তব্য রাখেন।

সভায় স্বপন বলেন, আন্দোলনের নামে বিএনপির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

“এক্ষেত্রে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে তার পুনরাবৃত্তি ঘটাতে তৃণমূল স্তরে সাংগঠনিক অবস্থানকে সুদৃঢ় করতে হবে।”

সভাপতির বক্তব্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অত্যন্ত সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় নির্দেশনা মেনে সংগঠনের তৃণমূল স্তরকে শক্তিশালী করে যাচ্ছে। আমরা আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তার সাংগঠনিক কার্যক্রমগুলো চলমান রেখেছে। একই সাথে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে।”