২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারার প্রক্রিয়া: শ্রমিক দল ও বন্দর রক্ষা পরিষদের বিক্ষোভ

থেকে আগামী ৩ অক্টোবরও একই দাবিতে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 10:21 PM

Updated : 27 Sep 2026, 10:21 PM

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি এসেছে রোববারের এক কর্মসূচি থেকে।

বিকালে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ থেকে এ হুশিয়ারি দেওয়া হয়।

‘বন্দর বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের যাবতীয় কার্যক্রম বন্ধ করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, “আমরা চাই না চট্টগ্রাম বন্দরকে বন্ধ করা হোক। কিন্তু যদি সরকারের কার্যক্রম বাধ্য করে তাহলে আমাদের হাতে আর কোন অপশন থাকবে না।

“আমরা সরকারকে অনুরোধ করব, চট্টগ্রাম বন্দর বিষয়ে যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলে ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। অন্যথায় যদি কোন অপ্রীতিকর ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা মনে করব বন্দরের উর্ধতন কর্মকর্তারা দায়ী।”

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, “বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের যে প্রক্রিয়া শেখ হাসিনা সরকার করেছিল, সেই প্রক্রিয়া ইউনুস সরকারও করেছিল। আমরা ভাবতেও পারি না নিরঙ্কুশ জনমত নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সেই পথে হাঁটতে পারে।

“আমরা সরকারকে বলতে চাই, সবার আগে বাংলাদেশ বলে যে স্লোগান দিয়েছেন। সেই বাংলাদেশের কথা মাথায় নিয়ে, এই বন্দরকে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সব প্রক্রিয়া বন্ধ করবে সরকার।”

সমাবেশ থেকে আগামী ৩ অক্টোবর বন্দরের ১২ নম্বর রোডের শহীদ মিনারে শ্রমিক দল, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ এবং মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।