১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

কাওসার হোসেন সম্রাট (৩৫) কর্ণফুলী উপজেলার দৌলতপুরের বাসিন্দা। তিনি জেলা আদালতের আইনজীবী ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাতে বড়উঠানের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন সম্রাট (৩৫) কর্ণফুলী উপজেলার দৌলতপুরের বাসিন্দা। তিনি চট্টগ্রাম জেলা আদালতের আইনজীবী ছিলেন। 

কর্ণফুলী থানার এসআই জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, “গতকাল রাতে চাতরী চৌমুহনী থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন কাওসার হোসেন সম্রাট। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিপরীত দিক থেকে অন্য একটি মোটরসাইকেল তীব্র গতিতে এসে উনার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। 

“এতে দুজনই সড়কে পড়ে যান। আহত আইনজীবীকে স্থানীয়রা শহরের পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য চালক উঠে বাইক নিয়ে চলে যান।” 

ঘটনাস্থলটি আনোয়ারা থানার অধীনে জানিয়ে এসআই জয়নাল আবেদীন বলেন, “বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে আনোয়ারা থানাকে জানাই। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।”