২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই দিনে ঝরনার পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ের রূপসী ঝরনা ও সীতাকুণ্ডের সহস্রধারা-২ ঝরনায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

চট্টগ্রামে পাহাড়ি ঝরনার পানিতে ডুবে দুই দিনে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার মিরসরাই উপজেলার বড় দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় এবং শনিবার সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাটে সহস্রধারা-২ ঝরনার পানিতে মৃত্যুর ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। 

এদের মধ্যে আসিফ উদ্দিন (২৪) রোববার ও তাহসিন আনোয়ার (১৫) শনিবার মারা যান। 

আসিফ নগরীর ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র। আর তাহসিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

মিরসরাই ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকরর্তা সাফায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর মাদারবাড়ি এলাকা থেকে পাঁচ বন্ধু রূপসী ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে ২৫/৩০ ফুট গভীরতা ছিল।

“গভীরে তলিয়ে যাওয়ার সময় তাদের চার জন উঠে আসলেও আসিফ উঠে আসতে পারেননি। বেলা ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দেড়টার দিকে আসিফের মৃতদেহ উদ্ধার করেন।” 

এর আগে শনিবার সীতাকুণ্ডের সহস্রধারা ঝরনায় ডুবে মারা যাওয়া শিক্ষার্থী তাহসিন আনোয়ারও বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার মচীন্দ্র লাল ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত বন্ধু মিলে তাহসিনরা ঝর্ণায় বেড়াতে এসেছিলেন। বিকালে সেখান থেকে যাওয়ার আগে পা ধোয়ার সময় ঝর্ণার পানিতে পড়ে যান তাহসিন। 

“সাঁতার না জানায় তাহসিন উঠতে পারেননি।”

বিকাল পৌনে ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে বলে জানান মচীন্দ্র ত্রিপুরা।