চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ডিউক খুলনায় গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাজমুল হক ডিউক চট্টগ্রাম সিটির ২৪ নম্বর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডবলমুরিং থানা পুলিশের অনুরোধে নাজমুল হক ডিউককে গ্রেপ্তার করে খুলনার খান জাহান আলী থানা পুলিশ।
"বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে নগরীর ডবলমুরিং ও কোতোয়ালি থানায় তিনটি করে মোট ছয়টি মামলা আছে।"
ডিউককে ইতোমধ্যে খুলনা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে বলে তারেক আজিজ জানান।
