‘এই করছি, সেই করছি গল্প’ শেখ হাসিনার কাছে শুনেছি: খসরু
‘‘গণতন্ত্র ফিরিয়ে আনার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রের চেষ্টা চলছে, সেটা দেশের জনগণ মেনে নেবে না।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দেশে আবারও ‘এই করছি, সেই করছি গল্প’ শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার চট্টগ্রামে এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমি লক্ষণ পাচ্ছি, আমরা এ কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে… ইত্যাদি ইত্যাদি।
“এ সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশের, আপনাদের ভোটের দরকার কী! আপনাদের জন্যই তো কাজ করতেছি! এসব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল।”
আমীর খসরু বলেন, ‘‘আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে যে আমরা এটা-সেটা করছি, আমরা চলে গেলে রাজনীতিবিদরা এসব কাজ করবে না; এগুলো শেষ করতে হবে।
“সরি, এটা আপনাদের দায়িত্ব না। বাংলাদেশের মানুষ যাদের নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব। এটা আপনাদের দায়িত্ব না, সেটা ভুলে যাবেন না।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটাধিকার ফিরিয়ে দিন, শিগগির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন।”
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এ ইফতার অনুষ্ঠান হয়।
সেখানে খসরু বলেন, “সবাইকে নতুন বাংলাদেশ ধারণ করতে হবে। মানুষের নতুন প্রত্যাশা, নতুন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
“গণতন্ত্র এগিয়ে নিতে যে সংগ্রাম, সে সংগ্রাম এখনো শেষ হয় নাই। সে সংগ্রাম শেষ হবে জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে।”
তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে যেসব ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইস্রাফিল খসরু উপস্থিত ছিলেন।
