পাঁচ দাবিতে শুক্রবার চট্টগ্রামে সমাবেশ ডেকেছে ৮ দল
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য রাখবেন।
সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ আট ইসলামপন্থি দল।
শুক্রবার বিকালে নগরীর লালদিঘী মাঠে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান।
সমাবেশকে ‘জনসমুদ্রে’ পরিণত করা হবে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আশা-আকাংখা ও সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন।
জামায়াতের এ নেতা বলেন, গণভোট ছাড়া নির্বাচন হলে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হবে না।
“বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে; বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এসব অপরাধের বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।”
পিআর পদ্ধতি চালুসহ বিভিন্ন দাবিতে চার মাস ধরে আন্দোলন থাকা ইসলামী আটটি দলের মধ্যে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
তাদের পাঁচটি দাবি হলো—সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু; সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন; আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবারের সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলাম ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন।
