বহিষ্কার ৫-৬ হাজার, কোনো ‘ভাইয়ের রাজনীতি’ চলবে না: খসরু
“দেশের মানুষ এখন সুষ্ঠু রাজনীতি চায়, সহনশীল রাজনীতি চায়,” বলেন তিনি।
বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কারও স্থান নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দলের ভেতরে শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের হুঁশিয়ারি করে তিনি বলেছেন, “৫-৬ হাজার বহিষ্কার করা হয়েছে। কোনো দখলদার, চাঁদাবাজদের জায়গা নেই বিএনপিতে। তাই সুশৃঙ্খল রাজনীতির চর্চা করতে হবে।
“কোনো ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না। শুধু বিএনপির রাজনীতি করতে হবে।”
চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার চট্টগ্রামে ‘বিজয় মিছিলের’ আগে নিউ মার্কেট মোড়ে সমাবেশে কথা বলছিলেন এ বিএনপি নেতা।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির এ কর্মসূচিতে তিনি বলেন, “যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের রাজনীতি বিএনপিতে নেই। যারাই শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিবে।
“দেশের মানুষ এখন সুষ্ঠু রাজনীতি চায়, দেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, দেশের মানুষ পরষ্পরের প্রতি সম্মানবোধ জানিয়ে রাজনীতি করতে চায়। রাজনীতিতে মতপার্থক্য থেকেও একে অপরের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে বাংলাদেশে। আমাদের সকলকে সেটা ধারণ করতে হবে।”
নির্বাচন নিয়ে আমীর খসরু বলেন, “আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষের অপেক্ষায় আছে। লক্ষ লক্ষ জনতা আজকে এখানে জমায়েত হয়েছে শুধু গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আমরা নেমেছি, সেটাকে সফলভাবে আরও বেশি সমাদর করতে হবে। এ গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
“আজকের এ বাংলাদেশ, আমরা গণতন্ত্রের দিকে চলেছি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এ গণতন্ত্র বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছি। গত ১৬ বছর ধরে ত্যাগ, জেল, গুম, খুন হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আজকের এ কর্মসূচি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার এবং মালিকানা ফিরিয়ে দেওয়ার যাত্রা। আজকে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।”
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা সফলভাবে ফ্যাসিস্ট, স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমাদের বহু প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে এ জায়গায় বিএনপির নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে সফলভাবে গণতন্ত্রের পথে চলতে শিখেছি।”
চট্টগ্রামে বিএনপির মিছিলটি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি বক্সির বিট, আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
খসরু বলেন, “আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি।দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে।দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।”
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান বক্তা ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটির মেয়র হাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য হুম্মাম কাদের চৌধুরী, তরিকুল ইসলাম তেনজিং, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া।
