বন্দরে কেন বিদেশিদের ডেকে আনতে হবে: ফরহাদ মজহার
“ভারত যদি আমাদের মিত্র দেশই হতো তবে তারা আলাদা দেশ না থেকে একত্রেই থাকত।”
চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে করা চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
চট্টগ্রাম প্রেস ক্লাবে সোমবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ভারতের সাথে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন?
“আমাদের বন্দর আমরা নিজেরাই চেষ্টা করি। আমরা একটা কৌশলপত্র প্রণয়নের কাজে হাত দিয়েছি। নিজেরাই এটা সম্পন্ন করে সরকারকে দিব।”
ফরহাদ মজহার বলেন, “সরকারের নৌ উপদেষ্টা আমাদের প্রিয়জন, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দিবেন আশা করছি।”
তিনি বলেন, “ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত যদি আমাদের মিত্র দেশই হতো তবে তারা আলাদা দেশ না থেকে একত্রেই থাকত। কিন্তু বাস্তবতা হলো ভারতসহ যেকোনো দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে।
“ভারতকে যে দিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেওয়া হলো, সেদিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি। সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেওয়া যাবে না।”
চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস, আমিন রসূল বাবুল, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম প্রমুখ।
