১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজের দিকে যাত্রা করেছে ‘বাংলার জয়যাত্রা’

“হরমুজ প্রণালি থেকে ২০ নটিক্যাল মাইল দূরে আছে ‘বাংলার জয়যাত্রা’,” বলেন শিপিং করপোরেশনের এমডি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা পর সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে থাকা ‘এমভি বাংলার জয়যাত্রা’ ওই প্রণালির দিকে রওনা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি হরমুজের দিকে রওনা দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বাংলাদেশে শিপিং করপোরেশনের এমডি কমডোর মাহমুদুল মালেক।

তিনি বলেন, “হরমুজ প্রণালি থেকে ২০ নটিক্যাল মাইল দূরে আছে ‘বাংলার জয়যাত্রা’। চূড়ান্ত ক্লিয়ারেন্স পেলে আজ (শুক্রবার) রাতেই আশা করি প্রণালি অতিক্রম করবে জাহাজটি।”

বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নোঙর তুলে হরমুজের দিকে রওনা হয়েছি। হরমুজ অভিমুখে আমরা এগিয়ে যাচ্ছি।” 

‘বাংলার জয়যাত্রা’ জাহাজে ৩৭ হাজার টন সার আছে, যার পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান।

এর আগে যুদ্ধবিরতি শুরু হলে ৮ এপ্রিল হরমুজ প্রণালি পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু অনুমতি না পাওয়ায় সেই যাত্রায় হরমুজ প্রণালি পার হতে পারেনি। জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।

এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল। তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়।

পণ্যবোঝাই করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আগে আরব আমিরাতের জেবেলে আলী বন্দরে প্রবেশ করেছিল ‘বাংলার জয়যাত্রা’। যুদ্ধ পরিস্থিতির মধ্যে জেবেল আলী বন্দরের টার্মিনালে অবস্থানের মধ্যেই বন্দরের একটি স্থাপনায় ড্রোন হামলা হয়। নিয়মিত মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোন ও মিসাইল হামলাসহ সবমিলিয়ে জয়যাত্রার নাবিকেরা এক প্রকার আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে দিন পার করেছেন।

‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত ২৬ জানুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি।

আরও পড়ুন-

হরমুজ প্রণালি পার হতে ছুটছে 'বাংলার জয়যাত্রা'

'বাংলার জয়যাত্রা' এবার রাস আল খাইরের পথে

'বাংলার জয়যাত্রা' জেবেল আলী বন্দর ছাড়লেও আমিরাতেই 'আটকা'

মধ্যপ্রাচ্য যুদ্ধ: জাহাজেই ঈদের জামাত 'জয়যাত্রা' নাবিকদের

মাথার উপরে ছুটে যাচ্ছে মিসাইল, জয়যাত্রার নাবিকদের ঈদ কাটবে জাহাজেই

যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ 'জয়যাত্রা'