১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’

“জাহাজে থাকা সকল নাবিকেই ভালো আছেন। তারা তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।’’

যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’
এমভি বাংলার জয়যাত্রা। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 01:16 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে রাষ্ট্রায়ত্ব পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। 

উত্তেজনার মধ্যে জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। 

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম. মাহমুদুল মালেক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটি বর্তমানে জেবেলে আলী বন্দরের জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি। 

“জাহাজে থাকা সকল নাবিকেই ভালো আছেন। তারা তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।’’

এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। 

বিএসসির বহরে বর্তমানে মোট সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে জয়যাত্রা ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল র্কাযক্রমে নেই। 

বাকি ছয়টি জাহাজ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, কানাডা, রাশিয়া, সেনেগাল ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দরে বাণিজ্যিক র্কাযক্রমে রয়েছে বলে বিএসসির কর্মকর্তারা জানিয়েছেন। 

বিএসসি এমডি মাহমুদুল মালেক বলেন, “আমরা জাহাজের ক্রুদের সাথে নিয়মিত অনলাইনে যোগাযোগ রাখছি। তাদের পর্যাপ্ত খাবার ও পানি সংরক্ষণ করে রাখতে বলো হয়েছে।যে কোনো ধরনের সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের। 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মত আরব আমিরাতের দুবাইয়েও হামলা করেছে ইরান। তাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। দুবাইয়ের জেবেল আলী বন্দরও হামলার ঝুঁকিতে আছে বলে মনে করা হচ্ছে।