২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারায় একজনকে কুপিয়ে হত্যা

পুলিশ বলছে, হামলাকারী যুবক সম্ভবত মানসিক ভারাসাম্যহীন।

আনোয়ারায় একজনকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2022, 08:59 PM

Updated : 18 Aug 2022, 08:59 PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারাশত ইউনিয়নে নিজ বাড়ির সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারী যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বারাশত ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের প্রদীপ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুনীল কান্তি নাথ (৫২) ওই এলাকার বাসিন্দা। গ্রেপ্তার যুবক সানাউল্লাহর (৩০) বাড়ি ভোলা জেলার লালমোহনে। পুলিশ বলছে, সানাউল্লাহ কিছুটা মানসিক ভারসাম্যহীন।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে সুনীলের বাড়িতে গিয়ে যুবক সানাউল্লাহ ভাত খেতে চায়। সুনীলের ভাই সাধন নাথ ভেতরে ভাত আনতে যায়। এ সময় বাড়ির সামনে হাঁসকে খাবার দিচ্ছিলেন সুনীল। তাকে দা দিয়ে কোপ দেয় সানাউল্লাহ।”

আবদুর রহিম বলেন, “সুনীলের ঘাড়ে, গলায় কোপ দেয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সানাউল্লাহর সঙ্গে কথা বলে মনে হয়েছে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে। তাদের মধ্যে আগের কোন শত্রুতা ছিল না।”

সুনীলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।