২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের কোথাও যাওয়ার জায়গা নেই: আমীর খসরু

আমীর খসরু বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে মিথ্যা ও গায়েবি মামলাকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের দ্রুতগতিতে জেলে পাঠানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 08:46 PM

Updated : 26 Aug 2023, 08:46 PM

দেশের মানুষের করের টাকায় শেখ হাসিনা নৌকায় ভোট চাইতে দক্ষিণ আফ্রিকা গেছেন বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরীর। 

শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দরীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রঘোষিত কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশি কিছু আওয়ামী লীগের লোকজন ওখানে আছে। দক্ষিণ আফ্রিকাতে যত বাঙালি থাকে তার ৯০ শতাংশ হচ্ছে বিএনপি। আমি জেনে বলছি। ১০ শতাংশ হচ্ছে তারা, যাদের পরিবার এখানকার লুটপাটের ভাগ পাচ্ছে এই দুর্নীতিবাজ সরকার থেকে। 

“এদেরকে নিয়ে উনি একটি সভা করেছেন ওখানে। গেছেন কোন কাজে, করছেন কি? গেছেন ওখানে সদস্যপদের জন্য। ওখান থেকে বঞ্চিত হয়ে এদের সাথে গিয়ে সভা করছে। ওখানে কি বলছে? নৌকায় ভোট দিতে বলছে। ওরা কেউ কিন্তু ভোটার না, ওরা তো দক্ষিণ আফ্রিকায় থাকে। বাংলাদেশের করের টাকা খরচ করে আপনি দক্ষিণ আফ্রিকায় গেছেন কি নৌকায় ভোট চাইতে?” 

তিনি বলেন, “আওয়ামী লীগের কোথাও যাওয়ার জায়গা নেই। শুধু কয়েকটি জায়গায় যেতে পারবে। একটি হচ্ছে প্রতিদিন টাকা দিয়ে বিরিয়ানি খাইয়ে শান্তি কমিটির মিটিং করা। আবার টাকা নিয়ে, বিরিয়ানি খেয়ে বিএনপির মিছিলেও চলে আসে অনেকে। এটা আমি সত্যি কথা বলছি। এই হলো জনগণের সাথে আওয়ামী লীগের অবস্থা।” 

আমীর খসরু বলেন, “আরেকটা হচ্ছে, কিছু আওয়ামী পুলিশ আছে, তাদেরকে ব্যবহার করে মিথ্যা মামলা, গায়েবি মামলা দেবে। আর বিএনপির প্রতিটি অনুষ্ঠানের আগেপরে গ্রেপ্তার করবে। শতবছরের পুরনো অস্ত্র দিয়ে বলে তারা নাকি অস্ত্র নিয়ে ধরা পড়েছে। এটা হচ্ছে আওয়ামী লীগের নির্ভরশীলতা। এরপর বিচার বিভাগকে ব্যবহার করে মিথ্যা ও গায়েবি মামলাকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের দ্রুতগতিতে জেলে পাঠানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে।” 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান। 

কালো পতাকা গণমিছিলটি কাজীর দেউরী নুর আহম্মেদ সড়ক থেকে শুরু হয়ে লাভলেইন, বৌদ্ধ মন্দির মোড়, চেরাগী মোড় হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।