হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাক: গ্রেপ্তার দুজন রিমান্ডে
ঘটনার পর ট্রাকচালক মজিবুর রহমান ও রিফাত মিয়াকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দু’জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।
গ্রেপ্তাররা হলেন- ট্রাকচালক মজিবুর রহমান (৪০) ও চালকের সহকারী হিসেবে থাকা তার ছেলে রিফাত মিয়া (১৮)। তারা ময়মনসিংহ জেলার ত্রিশালের বাসিন্দা।
চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) জাকির হোসেন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেসে আদালত দুজনেরই দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯৮ ধারায় মামলাটি করা হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত ২৭ নভেম্বর রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া থানার চুনতি হাজী রাস্তার মোড় এলাকায় তাদের গাড়ি বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
ঘটনার পর ট্রাকচালক মজিবুর রহমান ও রিফাত মিয়াকে আটক করা হয়।
পরে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের চালক বাদি হয়ে মামলাটি করেন। ওই মামলায় ট্রাক চালক মজিবুর রহমান ও তার ছেলে সহকারী রিফাত মিয়াকে পরদিন গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার দিন লোহাগাড়ার স্থানীয় সাংবাদিকরা জানিয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গড়িবহরে দুটি প্রাইভেটকার, একটি জিপ ও বেশ কিছু মোটরসাইকেল ছিল। চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে তারা ফিরছিলেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে ২৬ নভেম্বর কারাগারে নেওয়ার সময় সনাতনী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়।
এরপর চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ২৭ নভেম্বরও দিনভর দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়।
সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক হাসনাত আব্দুল্লাহ এবং আরেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নিহত আইনজীবী সাইফুলের জানাযায় অংশ নিতে চট্টগ্রামে আসেন।
পরে তারা আলিফের গ্রামে বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ফারেঙ্গা গ্রামে যান। সেখান আলিফের জানাজা ও দাফন শেষে তারা ফিরছিলেন।
রিলেটেড লিংক-
