১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানকেই ‘প্রধানমন্ত্রী নির্বাচিত করবে’ দেশের মানুষ: মেয়র শাহাদাত

বিএনপি ‘উন্নয়ন ও মানুষের জন্য’ রাজনীতি করে বলে জানিয়েছেন শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 02:32 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে দেড় দশকের বেশি সময় ধরে ভূমিকা রাখার জন্য দেশের মানুষ আগামী নির্বাচনে তারেক রহমানকেই ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে বলে আশা করছেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন। 

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বিপ্লব উদ্যানে এক অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন।

শাহাদাত হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণার কারণে, যুদ্ধ করার কারণে উনাকে যেভাবে মানুষ সম্মানিত করেছিল ৭৫ এর ৭ নভেম্বর। সিপাহী জনতারা বিদ্রোহের মধ্য দিয়ে উনাকে যেভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি করেছিল। 

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী আপোসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের কারণে মানুষ যেভাবে উনাকে ৯১ তে প্রধানমন্ত্রী করেছিল। ঠিক একইভাবে দেশনায়ক তারেক রহমানের গত ১৬ বছরের আপোসহীন ভূমিকা, মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম, ৩১ দফা বাস্তবায়নের এবং জুলাই-অগাস্টে শহীদ শ্রমিক-জনতার যে বিজয়. সে বিজয়ে উনার যে ভূমিকা সে ভূমিকার কারণে আগামী ২০২৬ সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশের মানুষ উনাকে প্রধানমন্ত্রী করবে।” 

তারকে রহমানকে নিয়ে শাহাদাত হোসেন বলেন, “গত ১৬ বছর উনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা উনি পালন করেছেন। এজন্য দেশনায়ক তারেক রহমানকে আগামীতে মানুষ প্রধানমন্ত্রী করবে।”

বিএনপি ‘উন্নয়ন ও মানুষের জন্য’ রাজনীতি করে বলে জানিয়েছেন শাহাদাত হোসেন।

তিনি বলেন, “আগামীতে মানুষ ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারো বাংলাদেশের শাসন করার জন্য দায়িত্ব দিবে। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার যে দলটি বারবার রক্ষা করেছে। 

“আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের অধিকার রক্ষা করবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।