পাকিস্তানি জাহাজ আমদানি-রপ্তানির ‘নতুন দিগন্ত’: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
“আমদানি পণ্যের কনটেইনার পর্যাপ্ত হলে ভবিষ্যতে নতুন এই পথে নিয়মিত জাহাজ পরিচালনা করতে মালিকরা আগ্রহী”, বলেন তিনি
স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মত পাকিস্তানের জাহাজ ভেড়াকে ‘আমদানি-রপ্তানির’ নতুন দিগন্ত হিসেবে দেখছেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এই পথে নিয়মিত জাহাজ পরিচালনা করতে মালিকরা আগ্রহী বলেও দাবি করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বন্দরের চেয়ারম্যান।
সাংবাদিকদের এক প্রশ্নে পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে জাহাজ আসার প্রসঙ্গে তিনি বলেন, “নতুন রুট চালু হওয়ায় বাংলাদেশের আমদানি-রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হল। এতে সাশ্রয়ী ব্যয় ও সময়ে উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আসবে।
“আমদানি পণ্যের কনটেইনার পর্যাপ্ত হলে ভবিষ্যতে নতুন এই পথে নিয়মিত জাহাজ পরিচালনা করতে মালিকরা আগ্রহী।”
করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী জাহাজ ‘ইউয়ান শিয়াং ফা ঝাং’ আসে ১০ নভেম্বর, পণ্য খালাসের পর সেটি ইন্দোনেশিয়ার বেলোয়ান বন্দরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে পরের দিন।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর করাচি থেকে চট্টগ্রাম এই পণ্যবাহী জাহাজ আসার খবরে তোলপাড় হয়েছে এ কারণে যে, স্বাধীনতার ৫৩ বছর পর এটিই প্রথম, যা তুমুল আলোচনা তৈরি করেছে।
অন্তর্বর্তী সরকারের একটি সিদ্ধান্ত পাকিস্তানের জন্য স্বস্তিদায়ক। আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তান থেকে পণ্য এলেও চট্টগ্রাম বন্দরে সেসবের শতভাগ কায়িক পরীক্ষার বাধ্যবাধকতা ছিল। জাতীয় রাজস্ব বোর্ড গত ২৯ সেপ্টেম্বর এক আদেশে এই পরীক্ষার শর্ত তুলে দেয়।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার ক্ষমতায় আসার পর ঢাকায় পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের বার্তা দিয়ে উপদেষ্টাদের সঙ্গে বেশ কিছু বৈঠক করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির কথা বলেছেন, তিনি ’৭১ প্রশ্নটির’ সমাধান চাওয়ার কথা বলেছেন। ঢাকায় পাকিস্তান দূতাবাসের কর্মীরাও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছে।
তবে পাকিস্তান-চট্টগ্রামের জাহাজ রুট টিকে থাকা নিয়ে যে প্রশ্ন তার প্রধান কারণ দুই দেশের বাণিজ্যের পরিমাণ।
জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। ২০২১-২২ অর্থবছরে এটি ছিল ৮০ কোটি ডলারের মত।
বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি ৭ কোটি ডলারেরও কম।
যে নৌ পরিবহন কোম্পানি রুটটি চালু করেছে, তার স্থানীয় শিপিং এজেন্ট রিজেন্সা লাইন্সের এক কর্মকর্তা জানান, পাকিস্তানের করাচি থেকে সরাসরি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর আসলেও সেটি যাত্রা শুরু করে আরব আমিরাতের দুবাই থেকে। চট্টগ্রাম থেকে সেটি ইন্দোনেশিয়ার বেলোয়ার, মালয়েশিয়ার পোর্ট কেলাং, ভারতের মুন্দ্রা বন্দর হয়ে আবারও দুবাই রুট তৈরি করা হয়েছে।
বন্দরের ব্যবসা হবে ‘ সিন্ডিকেটমুক্ত’
চট্টগ্রাম বন্দরে ‘সিন্ডিকেট ভেঙে’ সবার জন্য ব্যবসার উন্মুক্ত রাখার ঘোষণাও দেন চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান।
তিনি বলেন, “বিগত সরকারের আমলে বন্দরের বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কাজে ২৩টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল। গত সপ্তাহে যাচাই–বাছাই করে এসব লাইসেন্স বাতিল করা হয়েছে। বন্দর আমাদের সম্পদ, দেশের সম্পদ, সবাই যেন সম-অধিকার পায়। সুবিধাভোগী কেউ যাতে আসতে না পারে।
“আমাদের হাত দিয়ে কোন অন্যায় হবে না। আমাদের ওপর আস্থা রাখতে পারেন।”
এক প্রশ্নে তিনি বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের কথাও বলেন।
“বিদেশি অপারেটর নিয়োগের আগে অন্তর্বর্তী সময়ের জন্য প্রতিযোগিতামূলক এই দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।”
বর্তমানে এনসিটি পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। আগামী বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে।
পতেঙ্গার লালদিয়ার চরে লালদিয়া কনটেইনার টার্মিনালে বিনিয়োগ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি হবে বলেও জানান বন্দর চেয়ারম্যান। ডেনমার্কের এপি-মুলার মার্সকের সঙ্গে ছয় মাসের মধ্যে চুক্তিটি হতে পারে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের সদস্য মো. হাবিবুর রহমান, মোহাম্মদ শহীদুল আলম, কমডোর এম ফজলার রহমানও উপস্থিত ছিলেন।
