Published : 21 Mar 2026, 08:14 PM
চট্টগ্রামে বাস উল্টে পথচারীসহ দুজন নিহত ও ১০ জনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পথচারী আবুল কাশেম (৬৫) ও মো. সোলায়মান (৪০)। তাদের মধ্যে কাশেমের বাড়ি পটিয়ার ভাটিখাইন ইউনিয়নে।
সোলায়মান বাস চালকের সহকারী বলে পুলিশের ধারণা।
হাইওয়ে পুলিশ পটিয়া ক্রসিং থানার এসআই মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। বাইপাসে পথচারী কাশেমকে 'বাঁচাতে গিয়ে' চালক বাসটি সড়কের ডান পাশে ডিভাইডারের উপর তুলে দেন।
"এতে পথচারী কাশেমসহ দুজন মারা যায়।"
এসআই মোস্তাফিজুর বলেন, দুর্ঘটনার পর চালককে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেনেছি, নিহত সোলাযমান চালকের সহকারী।
স্থানীয়রা জানান, পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে যাওয়া বাসের ভিতর থেকে নারী, শিশুসহ কমপক্ষে ১০ জনকে হাসপাতালে পাঠিয়েছেন।