২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সংকট দূর করতে পারে দ্রুত নির্বাচনের রোডম্যাপ: হেলাল

“ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে, বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চায়,” বলেন তিনি।

রাজনৈতিক সংকট দূর করতে পারে দ্রুত নির্বাচনের রোডম্যাপ: হেলাল
চট্টগ্রামের কাজীর দেউড়িতে জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো. হেলাল উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশে চলমান রাজনৈতিক সংকট দূর হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তা দূর করবার একটিমাত্র পথই হচ্ছে দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা। গণতন্ত্রকামী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন, জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

“সমর্থন অব্যাহত রাখার পরও অন্তর্বর্তীকালীন সরকারে মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে, বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চায়।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়িতে জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দোয়ার অনুষ্ঠানে একথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল।

চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, ফজলুল হক সুমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকালে রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। সেখানে দোয়ার অনুষ্ঠানও হয়। চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান ও নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সেখানে উপস্থিত ছিলেন।