সীতাকুণ্ডে রাতে সংঘর্ষ, সকালে বিলে মিলল যুবকের লাশ
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, বলছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুইপক্ষের সংঘর্ষের দশ-বারো ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ডে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওর্য়াড গুপ্তাখালী এলাকা থেকে লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মো. সজীব চৌধুরী (২৫) নামে সেই যুবক মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। সীতাকুণ্ডের গুপ্তাখালী এলাকায় সাহাবুদ্দিনের বাড়ির দারোয়ান তিনি।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, গুপ্তাখালী এলাকায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আবদুল আলিম ও যুবদলের ওর্য়াড সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিনের মধ্যে বিরোধ ছিল। এর জেরে মঙ্গলবার রাতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সকালে স্থানীয় একটি বিলে সজীবের লাশের খবর পায় পুলিশ।”
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের বর্ণনা দিয়ে ওসি বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
