২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা

নিহত কবির আহমদ সওদাগর স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 09:57 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

চট্টগ্রামে 'পূর্ব শত্রুতার' জেরে এক কাঠ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মিরসরাই উপজেলার বারৈয়াহাট পৌরসভার গাছ মার্কেটে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির আহমদ সওদাগর (৭০) স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। হিংগুলি ইউনিয়নের গনকছড়া এলাকায় তার বাড়ি।

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন কবির আহমেদ। সে সময় তার দোকানে গিয়ে তাকে ছুরিকাঘাতে খুন করে কয়েকজন যুবক।

ওসি বলেন, “স্থানীয়ভাবে লোকজন জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে কবির আহমদকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ছয়/সাত মাস আগে তার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনার সঙ্গে এর যোগাযোগ থাকতে পারে বলেও স্থানীয়দের ধারণা।

"সে সময় চুরির ঘটনায় সালিশ বসেছিল, সেখানে দুইজনকে চুরির দায়ে অভিযুক্ত করে জরিমানা করা হয়েছিল। কিন্তু তারা জরিমানা না দিয়ে উল্টো কবির আহমেদের ওপর ক্ষিপ্ত হয়েছিল।"

সেই বিরোধের জেরে কবির আহমদকে খুন করা হতে পারে বলে পুলিশকে ধারণা দিয়েছেন স্থানীয়রা।

ওসি সিফাতুল বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, যারা হত্যার ঘটনায় জড়িত, তাদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।”