চবি চারুকলায় ‘ডানা ২১’
প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রশিল্পী মুর্তজা বশীরের পরিবারের উদ্যোগে চালু হওয়া ‘আলট্রামেরিন’ বৃত্তি পাওয়া চার শিক্ষার্থীর শিল্পকর্ম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রয়াত শিল্পী মুর্তজা বশীরের পরিবারের যৌথ ব্যবস্থাপনায় ‘ডানা ২১’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী চলছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে।
চারুকলার রশীদ চৌধুরী গ্যালারির এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের পরিবারের উদ্যোগে চালু হওয়া ‘আলট্রামেরিন’ বৃত্তি পাওয়া চার শিক্ষার্থীর শিল্পকর্ম।
মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনীর শেষ হচ্ছে বৃহস্পতিবার।
কোভিডে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ অগাস্ট চিরবিদায় নেন মুর্তজা বশীর। তার স্মৃতি ও কাজকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২০২১ সাল থেকে ‘আলট্রামেরিন’ শিরোনামে এই বৃত্তি দেওয়া শুরু করে শিল্পীর পরিবার।
মুর্তজা বশীরের মেয়ে মুনিজা বশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার একটি উপন্যাসের নাম ‘আলট্রামেরিন’। ওই উপন্যাসের নামে বৃত্তির নামকরণ করা হয়েছে। প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার পেইন্টিং বিভাগের চারজন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে।”
মুর্তজা বশীরের পরিবারের ব্যক্তিগত অর্থায়নে বৃত্তি চালু হলেও এর বাস্তবায়নে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে প্রথমবার চারজন শিক্ষার্থী ‘আলট্রামেরিন’ বৃত্তি পান। তারা হলেন- কাওছার মিয়া, কিরীটি সাহা, সজীব কুমার দে ও নিপা মোনালিসা।
এই চার শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়েই আয়োজন করা হয়েছে ‘ডানা ২১’ শীর্ষক প্রদর্শনী। বৃত্তি পাওয়ার পর গত এক বছরে তারা যা একেঁছেন, তারই প্রদর্শনী এটি।
মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, “বহুমাত্রিক গুণের অধিকারী শিল্পী মুর্তজা বশীর তার সৃজনশীলতায় নতুন প্রজন্মে শিল্প শিক্ষার্থীদের জন্য বহু উপাদান রেখে গেছেন যা অনুসরণযোগ্য। তার পরিবার যে বৃত্তি প্রবর্তন করেছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, অধ্যাপক ঢালী আল মামুন, শিল্পী নাজলী লায়লা মনসুর, শিল্পী তনয়া মুনিজা বশীর ও ব্যাংকার কায়েস চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী।
উদ্বোধনী পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে প্রশংসাপত্র দেওয়া হয়। সমাপনী দিনে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী চলবে বলে জানান মুনিজা বশীর।
শিল্পী মতুর্জা বশীর ১৯৫৫ সালে ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ড্রইং শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে অবসরে যান।
