২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন

আসামিরা পলাতক; তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে পরীর পাহাড়ে অবস্থিত আদালত ভবন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 08:48 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

পাঁচ বছর আগে চট্টগ্রামে কোতয়ালী থানা এলাকা থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি রায় ঘোষণা করেন।

দণ্ডিত দুজন হলেন- কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া গ্রামের নুর বশর (৪৮) ও টেকনাফের সাবরাং গ্রামের মো. রায়হান প্রকাশ রিদুয়ান (২৯)।

মামলার অন্য এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে দোষীপত্র দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

“আসামিরা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

মামলার নথি অনুযায়ী, চট্টগ্রামের কোতোয়ালী থানার নতুন রেল স্টেশনের প্রবেশ গেইট এলাকা থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরদিন নগর গোয়েন্দা পুলিশের এসআই শরীফ রোকনুজ্জামান মাদক আইনে কোতোয়ালী থানায় মামলা করেন।

২০২২ সালের ৪ এপ্রিল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ৫ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় এল।