Published : 15 Aug 2026, 08:05 PM
চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকারটির মেরামত কাজ চলার তথ্য দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “মেরামতের জন্য জাহাজটির শিপিং এজেন্ট প্রাইড শিপিং একটি সেলভেজ কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। তারা মেরামত কাজ শুরু করেছে। জাহাজটি যেখানে ছিল সেখানে রেখেই মেরামত কাজ চলছে।
“মেরামত কাজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে।”
শুক্রবার বেলা সাড়ে ১২টায় বন্দরের জলসীমায় ৩৩ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ এর সঙ্গে নোঙ্গর করে থাকা জাহাজ (বাল্ক ক্যারিয়ার) এমভি সানশাইনের সংঘর্ষ হয়।
এতে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে ফাটল দেখা দিলেও কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি এবং কোনো প্রকার তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলে জানায় বন্দর।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলেছে, তীব্র স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড দ্রুততম সময়ে উদ্ধার অভিযান শুরু করে।
জাহাজে থাকা তেল সরিয়ে নেওয়া হবে কিনা জানতে চাইলে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, “তেল সরানোর মতো পরিস্থিতি এখনো হয়নি। মেরামত কাজ শেষে পরিস্থিতির উন্নতি হলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।”
দুর্ঘটনায় পড়া অন্য জাহাজ এমভি সানশাইন তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং শুক্রবারই ওই জাহাজটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ: তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে ফাটল