১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’

ছুটিতে ঘরমুখো মানুষের চাপ পড়বে রেলপথে। সে কারণে নিয়মিত ট্রেনের বাইরে ‘বিশেষ ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

দুর্গাপূজার ছুটিতে যাত্রী চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার-ঢাকা রুটে চার দিন চলবে ‘বিশেষ ট্রেন’।

রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ট্রেনগুলো চলবে। এর মাঝে ২ অক্টোবর বন্ধ থাকবে।

শারদীয় দুর্গোৎসবের সময় দুই দিন সরকারি ছুটি ও দুই দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চারদিন বন্ধ থাকবে বিভিন্ন অফিস-আদালত।

ছুটিতে ঘরমুখো মানুষের চাপ পড়বে রেলপথে। সে কারণে ওই রুটে নিয়মিত ট্রেনের বাইরে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সিওপিএস শফিকুর রহমান।

রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর বিকাল পৌনে ৩টায় ‘ঢাকা স্পেশাল’ চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৮টায়। আর ‘চট্টগ্রাম স্পেশাল’ ট্রেনটি ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ঢাকা ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে পর দিন ভোর সাড়ে ৪টায়।

অপরদিকে ৩০ সেপ্টেম্বর ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে ভোর ৬টা ৫০ মিনিটে।

১ অক্টোবর ‘টুরিস্ট স্পেশাল’ কক্সবাজার থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৮টায়। একই ট্রেন রাত সাড়ে ১০টায় ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন ভোর ৬টা ৫০ মিনিটে। ট্রেনটি ৩ অক্টোবরে একই সময়ে উভয় রুটে চলাচল করবে।

৪ অক্টোবর ‘টুরিস্ট স্পেশাল’ শুধু কক্সবাজার থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৮টায়।