কোটা আন্দোলনকে সরকার উৎখাতে ব্যবহারের চেষ্টা হচ্ছে: নাছির
নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদেরকে রাজাকারের সন্তান হিসেবে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
কোটা সংস্কারের আন্দোলনে স্বাধীনতা বিরোধী অপশক্তির অনু্প্রবেশ ঘটেছে এবং একে সরকার উৎখাতের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আ জ ম নাছির উদ্দীন।
বুধবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত গায়েবানা জানাজা কর্মসূচির শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারাদেশব্যাপী তাণ্ডব, নৈরাজ্য ও নাশকতার ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, “সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিটি আদালতের বিচারাধীন বিবেচ্য বিষয়। বিচারের রায় ও পরামর্শ অনুযায়ী সরকার এই ব্যাপারে যৌক্তিক ও যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।
“এর বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই অসাংবিধানিক ও নীতি নৈতিকতা বিবর্জিত। এই বাস্তবতাকে পরিহার করার কোনো বিধিসম্মত উপায় ও সুযোগ নেই।”
নাছির বলেন, “তারপরও কোটা সংস্কারের দাবিতে যে সকল ছাত্র আন্দোলন করে যাচ্ছেন তাতে স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী এবং ইস্যুভিত্তিক রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ ও পরাজিত অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে এবং এই আন্দোলনটিকে সরকার উৎখাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলের নীলনক্সা বাস্তবায়ন করতে তৎপর হয়ে উঠেছে।”
নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “এই আন্দোলনকে ঘিরে কিছু বিপথগামী ছাত্র ও তাদের নেতারা প্রকাশ্যে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু এবং স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক নেতৃত্বের প্রতি লাঘামহীন কটূক্তি করে চলেছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদেরকে রাজাকারের সন্তান হিসেবে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
“এতে প্রমাণিত হয় একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মারা পঁচাত্তরের পর যেভাবে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছিল এবারও তার পুনরাবৃত্তি ঘটাতে চায়। তাই সময় এসেছে শিক্ষাঙ্গনসহ সমাজের সকল স্তরে ঘাপটি মেরে থাকা রাজাকার আলবদরের বশংবদদের সমূলে নিশ্চিহ্ন করা।”
প্রত্যেক পাড়ায়, মহল্লায় এবং লোকালয়ে ছাত্র, যুব, রাজনৈতিক ও পেশাজীবী শক্তিসহ দেশপ্রেমিক জনগণকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে সমূলে নির্মূল করার জন্য সর্তক অবস্থান নেয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ নেতারা।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, নগরের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও খোরশেদ আলম সুজন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সংসদ সদস্য আবদুচ ছালাম, নগরের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
